২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি মানলেই কেবল সংলাপ: ফখরুল

নির্দলীয় সরকারের দাবি না মানলে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বিএনপি যাবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 07:06 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

সেই সঙ্গে নির্বাচনকালীন সরকার পদ্ধতির সুরাহা না হওয়া পর্যন্ত দশম সংসদ নির্বাচন নিয়ে এগোতেও ইসিকে হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নির্দলীয় সরকারের দাবিতে ৬০ ঘণ্টার হরতালে হত্যা, নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে চলমান পরিস্থিতিতে দলের সর্বশেষ অবস্থান তুলে ধরেন ফখরুল।

বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে দাবি করে তার প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করা হয় সমাবেশে।

সংলাপের বিষয়ে ফখরুল বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট। দেশের ৯০ ভাগ মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সুতরাং আলোচনা কিংবা সংলাপ করতে হলে এ বিষয়েই করতে হবে।”

“প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের সময়ে বিরোধীদলীয় নেতা স্পষ্টভাবে তাকে (প্রধানমন্ত্রী) বলেছেন, যদি নির্দলীয় সরকারের দাবি মেনে নেন, তাহলে এখনি  হরতালসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। কিন্তু প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি।”

দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী টেলিফোন করেন বিরোধীদলীয় নেতাকে। তিনি সংলাপের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা তিন দিনের হরতাল শেষে তাতে রাজি আছেন বলে জানান।

এই সংলাপ অব্যাহত রাখতে এখন বিএনপি সরকারি দলের উদ্যোগ প্রত্যাশা করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংলাপ চাইলে এখন টেলিফোন বিরোধীদলীয় নেতাকেই করতে হবে।

সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সরকার মুখে সংলাপের কথা বললেও সমঝোতা ও সংলাপ তারা চায় না। তারা জনগণের চাপের মুখে বিভ্রান্ত করতে সংলাপ নাটক করেছে।

“প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সর্বদলীয় সরকার গঠন ও নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করছেন। ইতোমধ্যে তিনি ১৪ দল, জাতীয় পার্টির সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন।”

“তারা বিএনপির সঙ্গে ওই সংলাপ করে জনগণকে বিভ্রান্ত করতে সুযোগ নিয়েছিল। প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতাকে সেজন্যই টেলিফোন করেছিলেন।”

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোন আলাপের রেকর্ড প্রকাশের জন্য সরকারকে দায়ী করে তা ‘বেআইনি ও অপরাধমূলক’ কাজ হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতা ফখরুল নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন,“দয়া করে আরপিও এবং নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। নির্দলীয় সরকার ব্যবস্থার ফয়সালা না হওয়া পর্যন্ত এসব আপনাদের পকেটে রেখে দিন।

“অন্যথায় একতরফা নির্বাচনের কাজে আপনারা সম্পৃক্ত হলে এদেশের জনগণ ক্ষমা করবে না। আপনাদের কালো তালিকাভুক্ত করে রাখবে।”

একতরফা নির্বাচন ঠেকাতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন,“গত ২৭.২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল। দেশের মানুষ, তরুণ-যুবক সবাই রাস্তায় নেমে এসেছিলেন। আগামীতেও স্বৈরাচারী সরকারকে হটাতে আমাদের রাস্তায় নেমে আসতে হবে।”

‘সংলাপের ট্রেনে না উঠলে জামায়াত-হেফাজতের সঙ্গে পাকিস্তান চলে যান’- বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এই বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

“১৯৭৫ সালে আপনি (ইনু) শেখ মুজিব  ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণবাহিনী গঠন করে লড়াই করেছিলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে আপনার নির্দেশে গণবাহিনী করে সেদিন অগণিত যুবক প্রাণ হারিয়েছে। দেশে মানুষ এসব কর্মকাণ্ড ভুলে যায়নি,” জাসদ সভাপতির উদ্দেশে বলেন তিনি। 

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে ১৮ দলের এই সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির আলমগীর মজুমদার।

পুরনো খবর:

সর্বদলীয় সরকারের কাজ শুরু হয়েছে: তোফায়েল
খালেদার প্রত্যাখ্যানেও আশাবাদী হাসিনা