২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনালাপ প্রকাশে বিব্রত বিএনপি: সুরঞ্জিত

দুই নেত্রীর ফোনালাপ সংবাদমাধ্যমে প্রকাশের পর বিএনপির প্রতিক্রিয়াকে তাদের ‘বিব্রত বোধ’ এর প্রকাশ বলে মন্তব্য করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতিক্রিয়াকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে তিনি বলেন, “উনি (মির্জা ফখরুল) শিষ্টাচারের কী সংজ্ঞা জানেন, তা আমরা জানি না। শিষ্টভাবে যে আচরণ করা হয় তাকেই শিষ্টাচার বলে। ফোনালাপ প্রকাশের মধ্য দিয়ে শিষ্টাচারে ব্যত্যয় ঘটল কীভাবে?”

দুই নেত্রীর ফোনালাপ প্রকাশিত হওয়ার পর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ ঘটনাকে ‘অগণতান্ত্রিক’ ও ‘শিষ্টাচার বহির্ভূত’ বলে উল্লেখ করেন।

সুরঞ্জিত বলেন, “আসলে বক্তব্য বেরিয়ে যাওয়ায় বিরোধীদল বিব্রত বোধ করছে। সেদিন বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যে সৌজন্যের অভাব ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গোটা আলাপচারিতার সময় তার (বিএনপি চেয়ারপার্সন) কথা ছিল অগণতান্ত্রিক, অসৌজন্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত। তার কাছ থেকে থেকে সারা দেশের মানুষ আরো দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে।”

উদ্ভূত পরিস্থিতি থেকে বিএনপিকে ‘শিক্ষা’ গ্রহণের উপদেশ দিয়ে আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, “প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী উভয়ই সংসদের নেতা। তারা কেবল জাতীয় নয়, সাংবিধানিক নেতাও বটে। তাদের বক্তব্য সকলের কাছে অনুসরণীয়। আমাদের খেয়াল রাখতে হবে আগামীতে যেন আমরা আরো সাবধান হই, দায়িত্বশীল আচরণ করি।”

ফোনালাপের রেকর্ড প্রকাশিত না হলে তা নিয়ে ‘বিভ্রান্তি’র সুযোগ ছিল বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

“প্রায় ৩৭ মিনিট তারা ফোনে কথা বলেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমানে সৃষ্ট রাজনৈতিক সংকট। যদি তাদের আলাপচারিতা প্রকাশ না হত, তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ ছিল।

“জাতীয় স্বার্থে জনস্বার্থে সরকার ও বিরোধী দল যদি কোন আলোচনা করেন, তাহলে একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই তা জনগণের জানার অধিকার রয়েছে।”