চাঁদপুরে বুধবারও হরতাল
সারাদেশে টানা ৬০ ঘণ্টার হরতাল শেষ হলেও বুধবারও হরতাল থাকছে চাঁদপুরে।
সোমবার সহিংসতায় ছাত্রদলকর্মী মো. আরজু নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির ছাত্র সংগঠনটি মঙ্গল ও বুধবার জেলায় হরতাল ডাকে।
ফলে দেশের অন্যস্থানগুলোতে হরতাল শেষ হলেও চাঁদপুরে আরো একদিন এই কর্মসূচি থাকছে। তবে ছাত্রদলের ডাকা এই কর্মসূচিতে সমর্থন মেলেনি বিএনপির।
টানা হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুর শহরের পুরান বাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন আরজু।
এরপর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল সংবাদ সম্মেলনে দুই দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
শহরে ১৪৪ ধারা জারির ফলে মঙ্গলবার ছাত্রদলের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বুধবারের হরতাল সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা হয়েছে।
ছাত্রদলের এই হরতালের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “জুয়েল কারো সাথে আলোচনা না করেই ব্যক্তিগত উদ্যোগে এই হরতাল আহ্বান করেছে।”
