আ.লীগ বাকশাল পুনঃপ্রতিষ্ঠা ‘অপচেষ্টা’ চালাচ্ছে: নোমান
দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো দেশে বাকশাল প্রতিষ্ঠা ‘অপচেষ্টা’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের তিনদিনের হরতালের শেষ দিন মঙ্গলবার বিকালে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বাকশাল পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামসহ সারাদেশে রক্ষী বাহিনীর আদলে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী রাস্তায় মহড়া দিচ্ছে।
“পঁচাত্তরে বাকশাল প্রতিষ্ঠা করে যেমন শেখ মুজিবুর রহমানের শেষ রক্ষা হয়নি তেমনি দলীয় সরকারের অধীনে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।”
সাবেক মন্ত্রী নোমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে আগামী সপ্তাহে লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নগর জামায়াত ইসলামী আমির শামসুল ইসলাম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান শামীম।
এদিকে সকালে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরটিসি মোড়ে সমাবেশ করে নগর বিএনপি।
সেখানে সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যতক্ষণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া হবে না ততক্ষণ প্রতিরোধ-প্রতিবাদ হবে। আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা মাঠে থাকছে।
