খালেদার সঙ্গে বুধবার বসছে সিপিবি-বাসদ
প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবে সিপিবি-বাসদ।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বুধবার বৈঠক হবে বলে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের পাল্টপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে দুই নেত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে বামপন্থী দল দুটি।
এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন সিপিবি-বাসদের নেতারা।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিবি-বাসদের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করার জন্য সময় চাওয়া হয়েছিল। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এতে সম্মতি জানিয়েছেন।
বুধবার বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, “কখন হবে, তা মঙ্গলবার জানাবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।”
সিপিবি ও বাসদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলে, “আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশে রাজনৈতিক সংকট আসন্ন। জনগণ অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
“একতরফা নির্বাচনের মাধ্যমে বিপদ এড়ানো যাবে না। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ফর্মুলা বের করার এখনই সময়।”
