শরণখোলায় ১৪৪ ধারা জারি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় হরতালের পক্ষে-বিপক্ষে ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ একই স্থানে সভা আহ্বানের পর ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পাঁচ রাস্তার মোড়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুন উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টায় প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণাটি প্রচার করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান খান দাবি করেন, ১৮ দলীয় জোটের পূর্ব নির্ধারিত কর্মসূচির বিষয়টি জেনেও আওয়ামী লীগ সংঘাত করতে তাদের কর্মসূচি দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবুল জানান, হরতালের বিরুদ্ধে জনমত গড়তে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে তারা কর্মসূচি দিয়েছেন।
শরণখোলা থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
