খালেদার দিলে ‘রহম’ নাই: ইনু
আলোচনার আহ্বানের পরও হরতাল বহাল রেখে খালেদা জিয়া দেশবাসীর সঙ্গে ‘নির্দয়’ আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তাৎক্ষণিকভাবে গ্রহণ না করলেও আলোচনার পথ খোলা রয়েছে জানিয়ে ক্ষমতাসীন মহাজোটের এই নেতা বলেছেন, গণভবনে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানাতে তারা তৈরি।
নির্বাচনকালীন সরকার নিয়ে সঙ্কটের আশঙ্কার মধ্যে শনিবার বিরল এক ঘটনার জন্ম দিয়ে বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী হরতাল তুলে সোমবার গণভবনে যেতে আমন্ত্রণ জানালেও তাতে অসম্মতি জানান বিএনপি চেয়ারপারসন। তিনি তিন দিনের হরতালের পর আমন্ত্রণ নেয়ার কথা বলেন।
দুই নেত্রীর ওই টেলিসংলাপ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তথ্যমন্ত্রী ইনু।
হরতালকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সংলাপের জন্য বিরোধীদলীয় নেতা দুই দিনের আল্টিমেটাম দিলেন। এরপর প্রধানমন্ত্রী তাকে ফোন করলেন।
“কিন্তু হরতাল প্রত্যাহার না করে উনি (খালেদা জিয়া) নিজের সঙ্গে নিজে বিশ্বাসঘাতকতা করলেন, জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা করছেন।”
হাজিদের ফেরা এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির সময় হরতালের সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, “বেগম খালেদা জিয়া প্রমাণ করলেন, তার দিলে একটুও রহম নাই। ছাত্রছাত্রীদের জন্যও রহম নাই, হজযাত্রীদের জন্য রহম নাই, সাধারণ মানুষের জন্যও রহম নাই।”
বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সরকারের পক্ষ আবার আহ্বান জানাচ্ছি, নাশকতা বন্ধ করুন।
“নির্দলীয় সরকার মানার শর্ত দেবেন না, বৈধ সরকারকে অবৈধ বলবেন না, সরকারি কর্মচারীদের উস্কানি দেবেন না। খোলা মনে সংলাপে আসুন।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)
“মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত করেছেন, যে কোনো সময় খালেদা জিয়া আসতে চাইলে আমরা চা-মিষ্টি নিয়ে স্বাগত জানাব।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাংবাদিকদের বলেছেন, ২৯ অক্টোবর সন্ধ্যায় হরতাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ডাকলে তারা সংলাপে বসতে তৈরি।
প্রধানমন্ত্রী আবার ফোন করবেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা তো দাওয়াত দিয়েছি, উনি কখন আসবেন, সেটা উনার বিষয়।”
প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার এবং বিরোধীদলীয় নেতার নির্দলীয় সরকার- দুটি প্রস্তাব নিয়েই সংলাপ হতে পারে বলে মন্তব্য করেন ইনু।
দুই নেত্রীর পুরো ফোনালাপটাই প্রকাশ করা হবে কি না- প্রশ্ন করা হলে জাসদ সভাপতি বলেন, “আমার মনে হয় বিভ্রান্তি দূর করতে পুরো ফোনালাপটাই প্রকাশ করা উচিত।”
