২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশ-আ.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

ভোলার বোরহানউদ্দিনে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 10:27 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার বিকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী পাল্টিপাল্টি ধাওয়া ও গুলি বিনিময় হয়।

টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন শেষ বিকালে ওই সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয় বলে পুলিশ ও বিএনপির সূত্রে জানা গেছে।

সংঘর্ষে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা ও পৌর যুবদল নেতা নোমান গুলিবিদ্ধ হন বলে দাবি করেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফজলুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের থানা মোড় অতিক্রমকালে আওয়ামী লীগ কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা।

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮১ রাউন্ড রাবার বুলেট, ১৫ রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়।

বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকরাউন্ড গুলি চালায় বলে দাবি করেন তিনি।

সংঘর্ষে ওসিসহ দুই এসআই মুনির হোসেন ও আবু জাফর আহত হন। আহত আরেক পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান সন্ধ্যা ৭টায় জানান, নাশকতার সঙ্গে জড়িত অভিযোগে চার পিকেটারকে আটক করা হয়েছে।