২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভায়।  

এছাড়া তারা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলেও পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থকরা একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। এরপর স্টেশন রোডে উপজেলা আওয়ামী লীগ ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে অফিসের সব আসবাবপত্র পুড়ে যায়। কর্তব্যরত পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ সময় তারা প্রাইম ব্যাংক ঈশ্বরদী শাখা, অটবি ফার্নিচারের শো রুমসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।

পরে স্থানীয় লোকজন ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।  

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা।

এদিকে এ হামলার পরপরই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু প্রমুখ।