সহিংসতা নয়, সংলাপ ‘চায়’ যুক্তরাষ্ট্র
সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ‘গঠনমূলক’ সংলাপ প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র।
দুই নেত্রীর টেলিসংলাপের পরদিন রোববার এক বিবৃতিতে এই প্রত্যাশার কথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে শনিবার টেলিফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের আলোচনায় ‘অনুপ্রাণিত’ হয়েছেন জানিয়ে মজীনা বলেন, “একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনের জন্য একটি সর্বসম্মত উপায় খুঁজে বের করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার জন্য অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে।”
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের পক্ষপাতি। তবে সর্বদলীয় সরকারেও আপত্তি নেই ক্ষমতাসীন দলের।
আলোচনায় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে আলোচনার জন্য আগামী সোমবার গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।
তবে ওই প্রস্তাব গ্রহণ না করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই মুহূর্তে হরতাল প্রত্যাহার করা সম্ভব নয় এবং তিন দিনের হরতালের পরই তিনি আলোচনায় সাড়া দিতে পারেন।
রোববার তিন দিনের হরতাল শুরুর আগের দিন থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। হরতালের প্রথম দিনে বিভিন্ন জেলায় সংঘাতে নিহত হয়েছেন সরকার ও বিরোধী দলের ছয়জন।
সহিংসতায় উদ্বেগ জানিয়ে মজীনা বলেন, “সব রাজনৈতিক দলের প্রতি আমেরিকার বার্তা এই যে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটা গ্রহণযোগ্য নয়।
“শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো যদিও মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না।”
সহিংসতার পথ ছেড়ে শান্তিপূর্ণ সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
