২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ নেতা হত্যা মামলার আসামির জামিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আজাদ হত্যা মামলার প্রধান দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 10:27 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বৃহস্পতিবার জেলা শহরে মামলার মূল আসামি উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল হালিম ও একই কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনাকে কেন্দ্র করে ওই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মুক্তির একদিন পর দুপুরে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছলে স্টেশনে দুই নেতার কয়েকশ’ সমর্থক তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। পরে মোটর শোভাযাত্রাসহ তাদেরকে সরাইলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এদিকে খুনের মামলার আসামিদের সরাইল ফেরার খবরে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরাইলের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সরইলে প্রবেশের পথে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়।

সরাইল থানার ওসি উত্তম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিন পাওয়া ব্যক্তিদের পক্ষে বিপক্ষে লোকজন রয়েছে।

তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদেরকে এলাকায় ঢুকতে নিষেধ করেছেন তিনি।

দলীয় বিরোধে ২০১২ সালের ২১ অক্টোবর খুন হন সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আজাদ। এ ঘটনায় আবদুল হালিমকে এক নম্বর  ও রফিক উদ্দিন ঠাকুরকে দুই নম্বর আসামী করে মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়।

পরে পুলিশ তদন্ত করে আরো ৭ জনকে সম্পৃক্ত করে মোট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

চলতি বছর ৭ জানুয়ারি হালিম ও রফিক নিম্ন আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলে পাঠায়। 

চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে চট্টগ্রাম দ্রুত বিচার আদালতে এ মামলার বিচার চলছে।