‘কে, কার ক্ষমা ঘোষণা করে’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘ক্ষমা ঘোষণা’ প্রত্যাহার করে নিতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলকার তিনি বলেছেন, “কে, কার ক্ষমা ঘোষণা করে।”
সোমবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, “যারা আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অতীতে নানা রকম অন্যায়-অবিচার করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং এখনো করে চলেছেন। আমি তাদের প্রতি ক্ষমা ঘোষণা করছি। আমি তাদের ক্ষমা করে দিলাম।”
জাসদ সভাপতি ইনু বলেন, “খালেদা জিয়া ক্ষমা ঘোষণার মাধ্যমে বলতে চাচ্ছেন, যারা অভিযোগ উত্থাপন করেছেন তারা অপরাধী।
“উনার পুত্রদের দুনীতির সম্পর্কে, উনার বাড়ি সম্পর্কে, উনার এতিমখানা ট্রাস্ট সম্পর্কে যে প্রশাসনিক কর্মকর্তারা তথ্য প্রমাণ দিয়ে মামলা করেছেন, তারা কি অপরাধী?”
“যারা কষ্ট করে উনার দুই পুত্রদের লুকিয়ে রাখা টাকা বিদেশ থেকে ফেরত এনেছেন, তারা কি অপরাধী? ”
“ক্ষমা ঘোষণাকে নিন্দা করছি, এটি প্রত্যাহার করে নিবেন,” বিএনপি চেয়ারপারসনকে আহ্বান জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়া তার এবং ও তার পরিবারবর্গের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দেবেন এবং আদালতের মুখোমুখি হবেন।
