২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে নিয়ে সমাবেশের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের

বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী জোট জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমাবেশের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 11:39 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

আগামী ২৬ অক্টোবরের ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উদ্বোধনী বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি টিএইচ খান।

ওই দিন সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া।

আয়োজকরা জানিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এই আইনজীবী সমাবেশ হবে।

সমাবেশ সফল করতে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে সদস্য সচিব করে সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

ওই সমাবেশ উপলক্ষে ইতোমধ্যেই সমিতির মিলনায়তন, কার পার্কিং এবং ১ ও ২ নম্বর হল রুম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বরাদ্দ দেয়া হয়েছে।