নির্বাচনে সব দলকে চাই: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দলকে নিয়ে তিনি নির্বাচনে যেতে চাইলেও তাতে বিরোধী দলই ইতিবাচক সাড়া দিচ্ছে না।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে মতদ্বন্দ্বের মধ্যে মঙ্গলবার দিনাজপুরে এক জনসভায় তিনি একথা বলেন।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ না করে খালেদা জিয়া সোমবার পাল্টা নির্দলীয় সরকার গঠনের প্রস্তাব দেন।
ওই প্রস্তাবের পরদিন দিনাজপুর গোর-এ শহীদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেন, “আমরা সব দলকে নিয়েই নির্বাচন করতে চাই। আর এ জন্য সকল দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম।”
বিরোধীদলীয় নেতার প্রস্তাবের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমাদের প্রস্তাব উনার (খালেদা জিয়ার) পছন্দ হল না। তিনি নির্বাচিত প্রতিনিধি চান না।
“আমরা দেশকে সামনে নিতে চাই, আর তিনি পেছনে নিতে চান। তিনি পেছনে ফিরে ৯১ ও ৯৬ সালে চলে গেলেন।”
বিএনপি চেয়ারপারসন ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টাকে নিয়ে নির্দলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন।
এর পাঁচজন বিএনপি এবং পাঁচজন আওয়ামী লীগ মনোনীত করবে। সরকারের প্রধান মনোনীত হবেন দুই দলের ঐকমত্যের ভিত্তিতে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে। তবে তাতে আপত্তি জানিয়ে নির্দলীয় সরকারের প্রস্তাব বিরোধী দলের।
অনির্বাচিতদের ক্ষমতায় বসাতে নারাজ শেখ হাসিনা জনসভায়ও বলেন, সংবিধানের মধ্যে থেকেই আগামী সংসদ নির্বাচন হবে।
“গত নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। বিনিময়ে আওয়ামী লীগ আপনাদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন দিয়েছে। ”
নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এভাবে ভোট চাওয়ার সমালোচনা করে আসছে বিএনপি। তারা একে নির্বাচনীবিধি লঙ্ঘন বলে দাবি করলেও নির্বাচন কমিশন বলছে, তা এর আওতায় পড়ে না।
বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবার জঙ্গিবাদ ফিরবে দাবি করে ভোট দেয়ার সময় তা মনে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
“বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি বাড়ে। বিরোধী দলের নেতার ছেলেরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই পাচার টাকা উদ্ধার করে দেশে ফেরৎ এনেছি।”
বিএনপি চেয়ারপারসন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান বলেও দাবি করেন তিনি।
“বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগিতায় দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারা এই সরকারের সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে ওদের ছেড়ে দেবে।”
দিনাজপুরে জনসভাস্থলে বসেই বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বহুতল বিশিষ্ট ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবন, ৫০০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স, শহীদ আসাদুল্লাহ স্কোয়ারের স্বাধীনতা স্তম্ভ, দিনাজপুরের আত্রাই নদীর ওপর নির্মিত রাবার ড্যাম, বোচাগঞ্জে টাঙ্গন নদীর ওপর নির্মিত রবার ড্যাম।
আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে প্রত্যেকটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, নুরুল ইসলাম সুজন প্রমুখ।
