২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুর বিরুদ্ধে দুই মামলা

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীদের ‘ধস্তাধস্তির’ ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ জানান, সোমবার রাতে পল্টন থানায় দায়ের করা এ দুটি মামলার একটিতে পুলিশের কাজে বাধা এবং অন্যটিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গুরুতর আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায় টুকুর সঙ্গে আসামি করা হয়েছে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল মজিদকে। অপর মামলায় টুকুসহ মোট ১৪ জন আসামি।

এ ছাড়া দুই মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে বলে আবু ইউসুফ জানান।

পল্টন থানার এসআই মো. আলাউদ্দিন ও কনস্টবল সুলতান এ দুই মামলার বাদি।

সোমবার রাত সোয়া ১১টার দিকে খালেদা জিয়া নয়া পল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে ফেরার সময় তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে তার গাড়িবহর থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ।

বিরোধীদলীয় নেতার বহরে থাকা একটি গাড়ি পুলিশের গাড়িকে চাপা দিতে চেয়েছিল বলে ওই গাড়িতে থাকা টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়।

ঘটনাস্থল থেকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ  কমিশনার মেহেদি হাসান সাংবাদিকদের বলেন, “ম্যাডামের গাড়িবহর যখন সাজানো হচ্ছিল, তখন পেছন থেকে একটি গাড়ি আমাদের চাপা দেয়ার চেষ্টা করে। এতে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হই।”

আঘাতে এই পুলিশ কর্মকর্তার ডান হাতে রক্তক্ষরণ হয়।

সুলতান সালাউদ্দিন টুকু ওই গাড়িতে থাকায় তাকে আটক করা হয় বলে জানিয়েছিলেন তিনি।

এই বছরই বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে শীর্ষ নেতাদের আটকের সময় অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান।