২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার জন্য পদ ছাড়তে রাজি মুহিত

বিএনপি নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকারে’ যোগ দিয়ে অর্থমন্ত্রীর পদ চাইলে তা ছেড়ে দিতে রাজি আছেন আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

তিনি আশা করছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে বিএনপি ‘সর্বদলীয় সরকারে’ যোগ দেবে এবং দশম সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণেই হবে।

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শেষে দেশে ফিরে অর্থমন্ত্রী রোববার নিজের দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

মুহিত বলেন, “দেশে অবাধ-নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে অফার (প্রস্তাব) দিয়েছেন, তার চেয়ে ভালো অফার আর কী হতে পারে। আমার বিশ্বাস, বিএনপি সে প্রস্তাবে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নেবে।”

নির্বাচনকালীন মন্ত্রিসভায় বিএনপি যদি অর্থমন্ত্রীর পদ চায় সেক্ষেত্রে কী করবেন- এ প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, “শুধু অর্থ মন্ত্রণালয় নয়, তারা যদি অন্য কোনো ভালো মিনিস্ট্রিও চায়, তাও দেয়া যেতে পারে।”

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো না জানালেও তারা নির্বাচনকালীন সরকারপ্রধান কে হবেন, সেই প্রশ্নের উত্তর আগে জানতে চেয়েছে।   

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত মনে করেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু হলে এই জটিলতাও কেটে যাবে।

“প্রধানমন্ত্রী তো বলেননি যে তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। সেজন্যই বলছি, অলোচনার সুযোগ আছে।”

আলোচনার জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন বলেও জানান মুহিত।

প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘সর্বদলীয় সরকারে’ আওয়ামী লীগ রাজি হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “ইটস এ ভেরি লিটল স্কোপ (সে সম্ভাবনা খুবই ক্ষীণ)। কিন্তু বিএনপি তো কিছুই বলছে না।

“প্রধানমন্ত্রী ভালো একটি প্রস্তাব দিয়েছেন। সর্বদলীয় মন্ত্রিসভায় তাদের কাছ থেকে নাম চেয়েছেন। কিন্তু তারা তো কিছুই বলছে না। এখন তারা কী চায়, সে বলুক।”

নির্বাচন নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা রাজণৈতিক মহলে থাকলেও পরিস্থিতি তেমন বলে মানতে নারাজ অর্থমন্ত্রী।  

“খামোখা সঙ্কটের কথা বলা হচ্ছে। দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। যা আছে, তা খালেদা জিয়ার মানসিক ক্রাইসিস। তিনি (খালেদা জিয়া) বলছেন, ২৪ অক্টোবরের পর এটা হবে, ওটা হবে। এটা করবেন, ওটা করবেন।

“আমি বলছি, কিছুই হবে না। ২৪ অক্টোবরের পর দেশে নির্বাচনী হাওয়া বইবে। সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।”

“আমি আশাবাদী, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দেবেন। বিএনপি সর্বদলীয় মন্ত্রিসভায় তাদের পছন্দের নাম দেবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ অবশ্যই বের হয়ে আসবে,” আশাবাদ প্রকাশ করেন মুহিত।

ওয়াশিংটন বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন

অর্থমন্ত্রী বলেন, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা সফলভাবে শেষ হয়েছে। সভায় বিশ্ব ব্যাংক-আইএমএফসহ  অন্য দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার প্রশংসা করেছেন।

সভার বিষয়ে সোমবার অথবা মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানান তিনি।

বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ৬ অক্টোবর ওয়াশিংটন যান অর্থমন্ত্রী। শনিবার রাতে তিনি দেশে ফিরেছেন।