২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারপ্রধান শেখ হাসিনাই থাকবেন: হাছান মাহমুদ

পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠিত হলেও তাতে শেখ হাসিনাই প্রধান দায়িত্বে থাকবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে সর্বদলীয় সরকারে অংশ নিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেয়ার পরদিন শনিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া না দিলে বিরোধী দলের ‘অসৎ উদ্দেশ্য’ প্রমাণিত হবে বলেও মনে করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

বিএনপি বলে আসছে, তারা নির্বাচনকালে সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনাকে দেখতে চান না। অন্যদিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব ‘স্পষ্ট’ নয় বলে দাবি জাতীয় পার্টির।

চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদ চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হন তিনি, যিনি সরকার প্রধান হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য, ভারত, জাপান,অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “বাংলাদেশেও ঠিক ওইভাবে বর্তমান প্রধানমন্ত্রী স্বাভাবিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।”

হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে বিরোধী দলকে অংশ নেয়ার সুযোগ দেয়ার কোনো বাধ্যবাধকতা না থাকার পরও আওয়ামী লীগ সে সুযোগ দিচ্ছে।

“এরপরও বিরোধীদলীয় নেত্রী সাড়া না দিলে মনে করব, আপনারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে ব্যাহত করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ‘প্রজন্ম বঙ্গবন্ধু’র আয়োজনে সাবেক রাষ্ট্রদূত ওসমান সারওয়ার আলম চৌধুরীর স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালমসহ প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই: বিএনপি
সর্বদলীয় মন্ত্রিসভায় আসুন: প্রধানমন্ত্রী