সারা দেশে আগুন জ্বলবে: নোমান
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে কোরবানির ঈদ উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
নোমান বলেন, “২৪ অক্টোবরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সারা দেশে আগুন জ্বলবে। পদ্মা নদীর সব পানি দিয়েও সরকার জনগণের বিক্ষোভের সে আগুন নেভাতে পারবে না।”
এই বিএনপি নেতা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করলে রাজনৈতিক সংকটের সুরাহা হবে। সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করলে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ তা প্রতিহত করবে।
“খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের এবারের সংগ্রাম হবে মানুষের ভোটাধিকার রক্ষা এবং দেশ ও মানুষ বাঁচানোর সংগ্রাম।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আফসার উদ্দীন চৌধুরী, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।
