২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার ইঙ্গিত

রাজনৈতিক অঙ্গনে এই সময়ের আলোচিত  দিন ২৫ অক্টোবর ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার ইঙ্গিত মিলেছে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কথায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

তিনি রোববার ঢাকায় এক আলোচনা সভায় বলেছেন, “২৫ তারিখ বিএনপি সমাবেশ ডেকেছে, আওয়ামী লীগও সমাবেশ আহ্বান করেছে। বিরোধী দলের উদ্দেশে বলছি, বর্তমান সরকার কোনোভাবেই কোনো সহিংস-সশস্ত্র সমাবেশের অনুমোদন দেবে না।”

এর আগে বিএনপির বিভিন্ন সমাবেশে সহিংসতার উস্কানির অভিযোগ তুলে পুলিশ অভিযান চালায়। পুলিশের হামলায় বিএনপির সমাবেশও পণ্ড হয়ে যায়। 

সুরঞ্জিত বলেন, “আপনারা সমাবেশ করবেন, বক্তৃতা করবেন, আলোচনা-সমালোচনা করবেন, খুব ভাল কথা। কিন্তু সহিংস সমাবেশের কোনো অধিকার বাংলাদেশে কেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে স্বীকৃত নয়।

“জামায়াত-হেফাজতকে সঙ্গে নিয়ে সহিংসতা করলে বা আল্টিমেটাম দিতে চাইলে, তার কোনো সুযোগ দেয়া হবে না। জনগণের জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে, এমন কোনো সমাবেশের অনুমোদন সরকার দিতে পারে না।”

২৫ অক্টোবর থেকে বিএনপির সরকার পতন আন্দোলন শুরুর ঘোষণা রয়েছে। ওই দিনের সমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখবেন জানিয়ে রাজধানীর তিনটি স্থান প্রস্তাব করে যে কোনো একটিতে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতিও চেয়েছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে। আর এই ধারা অনুসরণ করতে চায় আওয়ামী লীগ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে এখন সংসদ বহাল রেখে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে। ২৪ জানুয়ারি সংসদ অধিবেশন শেষ হওয়ার কথা। এরপর সংসদ বহাল থাকলেও নির্বাচনের সময় কোনো অধিবেশন চলবে না। 

অন্যদিকে বিএনপি হুমকি দিয়েছে, ২৪ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল করা না হলে সরকার পতন আন্দোলন শুরু করবে।

দুই দলের পাল্টাপাল্টি এই অবস্থানে দেশের মানুষের মধ্যে যে উৎকণ্ঠা দেখা দিয়েছে, তা ফুটে উঠেছে ক্ষমতাসীন দলের নেতা সুরঞ্জিতের কথায়ও।

“বর্তমানে ২৪ অক্টোবরকে ঘিরে জনমনে সংশয়, ভীতি, আতঙ্ক দেখা দিচ্ছে। অনেকেই বলছেন, ২৪ তারিখ সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে।”

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে না হলে দশম সংসদ নির্বাচন বর্জনের পাশাপাশি তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। 

বিএনপি চেয়ারপারসনকে তার উপদেষ্টারা সাংবিধানিক বিষয়গুলো সঠিকভাবে বোঝাচ্ছেন না বলে মনে করেন প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত।

Image
File Photo

File Photo

“আপনাকে বারবার বলছি, কেন বুঝতে পারছেন না? যদি নির্বাচন না হয়, তাহলে বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সংসদ- সবই বহাল থাকবে।”

“শুধু তাই নয়, বর্তমান সংবিধান অনুযায়ী দেশে যদি যুদ্ধাবস্থা বিরাজ করে তাহলে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী অতিরিক্ত এক বছর সরকার ক্ষমতায় থাকতে পারবে।”

“আপনার আইন উপদেষ্টারা কি বিষয়টি আপনাকে গোচর করেননি? না কি তারা আপনাকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন?”

পরাজয়ের আশঙ্কা থেকে খালেদা জিয়া নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

সে পথ ছেড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান তিনি।

“আমরা চাই, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন। এখনো সময় আছে, আগামী ২৩ তারিখ সংসদ বসবে। সহিংসতার পথ পরিহার করুন। আপনাদের কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে ২৩ তারিখ সংসদে আসুন।”

“প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের প্রস্তাব সংবিধান বহির্ভূত না হয় তাহলে অবশ্যই সরকার তা বিবেচনা করবে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনে গঠিত সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগ সক্ষমতায় থাকলেও নির্বাচনের কাজে হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না। সরকারের ভূমিকা হবে নির্বাচন কমিশনকে সহায়তা করা।

পুরনো খবর:

২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের পরিকল্পনা বিএনপির
সংসদ ২৪ অক্টোবরের পরও চালানোর দাবি