২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন’

বড় দুই রাজনৈতিক দলের হাত থেকে দেশের মানুষকে ‘বাঁচাতে’ তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানের প্রত্যাশা করেছে নাগরিক ঐক্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,“দেশের প্রধান দুই দল যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারত, তবে তৃতীয় শক্তির কথা ভাবতে হত না।”

বৃহস্পতিবার সংগঠনের খসড়া ঘোষণা প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। তার এই উদ্যোগের সমালোচনা করে আসছেন তার সাবেক দল আওয়ামী লীগের একাধিক নেতা।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নার এই অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক প্রথম সংসদে আওয়ামী লীগের সদস্য এ বি এম মূসা,শেখ হাসিনার আগের সরকারের তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদও ছিলেন।     

এ বি এম মূসা বলেন, “দেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দল নয়, বরং দুই দলের প্রধান দুই নেত্রীর মধ্যে ক্ষমতা হস্তাস্তর চলছে।

“এমন পরিস্থিতিতে দেশকে সঙ্কটমুক্ত করতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান দরকার।”

আগামী নির্বাচনে দেশের তিনশ আসনে যদি তিনশ জন ‘ভালো’ মানুষ নির্বাচন করতে চায়, নাগরিক ঐক্য তাদের স্বাগত জানাবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।    

প্রবীণ এই সাংবাদিক হতাশা প্রকাশ করে বলেন, “সংঘাত ছাড়া কোনো সরকারের সময়েই ক্ষমতা হস্তান্তর হয়নি।”

নির্বাচন নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা প্রকাশ করে মান্না বলেন, “জনগণ উৎকণ্ঠায় সময় পার করলেও তা দূর করতে দুই দল কোনো উদ্যোগ নিচ্ছে না। এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের ভীষণ দরকার।”

“গত ৪০ বছরে যা দেখেছি, তাতে মনে হয়েছে, বিএনপি আর আওয়ামী লীগের কাছে দেশের মানুষ নিরাপদ না,” বলেনডাকসুর সাবেক এই ভিপি।   

আবু সাইয়িদ  বলেন, “আওয়ামীলীগ তার নিজস্ব চরিত্র হারিয়েছে, আর বিএনপির কোনো চরিত্র নেই। দেশকে সঙ্কট থেকে রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।”

অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এসএম আকরামও ছিলেন।