২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বেসামাল: ফখরুল

জনসমর্থন হারিয়ে ‘বেসামাল’ হয়ে সরকার একতরফা নির্বাচনের ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:44 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সভায় বক্তব্যে তিনি এই অভিযোগ করে সে পথ থেকে সরে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বানও জানিয়েছেন।

ফখরুল বলেন, “পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। সাম্প্রতিক পত্র-পত্রিকার জনমত জরিপ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যখন বলছেন, নির্দলীয় সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরপর থেকে সরকার বেসামাল হয়ে গেছে।

“সরকারের সময় আর বেশি দিন নেই- মাত্র ২০ দিন বাকি। তাদের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে আওয়ামী লীগের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে এবং তা আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি করার বাধ্যবাধকতা রয়েছে।   

দলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি না এলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তার পদেই থাকবেন। মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। ইনু সাহেব তথ্যমন্ত্রী থাকবেন। আর তাদের অধীনে নির্বাচন হলে তা তো কোনোভাবে সুষ্ঠু হতে পারে না।”

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা বলছি না, আমাদের ক্ষমতায় বসিয়ে দাও, আমাদের কথামতো নির্দলীয় সরকার কর। আমরা এমন একটি নির্দলীয় সরকার চাই , যারা সুষ্ঠুভাবে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন করবে।”

নির্দলীয় সরকারের দাবি নাকচ করে আসা প্রধানমন্ত্রীকে ১৯৯৬ সালের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

“নির্দলীয় সরকারের দাবি তো আপনাদেরই ছিল। এজন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল, অসহযোগ আন্দোলন করছিল। এখন তারা পুরো উল্টো সুরে বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।”

জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান শ্রমিক দলের ওই প্রতিনিধি সভায় ফখরুল এততরফা নির্বাচনের চেষ্টা রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপি আগামীতে সরকারে গেলে নিম্ন আয়ের শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু হবে বলে আশ্বাস দেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল।

জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম বাদলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, রিকশা ও ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন বক্তব্য রাখেন।