‘উন্নয়ন চাইলে আ.লীগকেই মানুষ ভোট দেবে’
বিরোধীদলের নির্বাচন প্রতিহতের ঘোষণার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুসারেই হবে।
আর ‘উন্নয়ন চাইলে’ জনগণ এই নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার পেশাজীবী সমন্বয় পরিষদের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “সাংবিধানিক প্রক্রিয়া, সংসদীয় গণতন্ত্র যে সকল দেশে আছে- সেখানে যেভাবে নির্বাচন হবে, সেভাবেই আমরা আগামী নির্বাচন করব।”
গত নির্বাচনে জনগণের দেয়া ‘আমানতের যাতে খিয়ানত’ না হয়- সেজন্যই এ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী করে এখন জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
“ওই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা ভোট দিয়েছিল- এই কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। ফুটপাথ দখল থেকে শুরু করে- যা যা শুরু হয়েছে, তা আপনারা একটু খবর নিয়ে দেখবেন।”
কোনো না কোনো সময় বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন শুরু করতেই হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অন্তত এটা শুরু করে যেতে হবে, যেন ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই হবে।
“ভোটের মালিক জনগণ। সেই মালিকানাটা আমরা নিশ্চিত করেছি।… জনগণ যদি ভোট দেয়, অবশ্যই আমরা সরকারে আসব। এটা সম্পূর্ণ জনগণের ওপর নির্ভর করে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “জনগণ যদি উন্নতি চায়, জনগণ যদি পেট ভরে ভাত খেতে চায়, জনগণ যদি বিনা পয়সায় বই, বিনা পয়সায় ওষুধ, চিকিৎসা সেবা চায়, জনগণ যদি শান্তিতে বসবাস করতে চায়, জঙ্গীবাদ-সন্ত্রাস না চায়; তবে আমি বিশ্বাস করি, আওয়ামী লীগকে তারা অবশ্যই ভোট দেবে।
“আর যদি দুর্নীতিবাজ চায়, হাওয়া ভবন চায়, সন্ত্রাস চায়, জঙ্গীবাদ চায়, অশান্তি চায়; তাহলে আমার আর বলার কিছু নাই।”
‘উনি আমাকে চান না- তা আমি জানি’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিরোধীদরীয় নেত্রী ঘোষণা দিয়েছেন, তিনি আমাকে চান না। তিনি বলেছেন, শেখ হাসিনাবিহীন সরকার চাই। উনি যে আমাকে চান না- সেটা তো আমি জানি।”
২০০৪ সালের একুশে অগাস্ট গ্রেনেড হামলা এবং কোটালিপাড়ায় জনসভার আগে বোমা উদ্ধারের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “উনারই ক্যাবিনেট মন্ত্রী, উনারই পুত্রধন সকলকে নিয়ে, হাওয়া ভবন সক্কলে মিলে ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিলো।
“কোটালি পাড়ায় ওই বিশাল বোম; একটা বোমের ওজন ছিল ৮৪ কেজি, আরেকটার ওজন ৭৬ কেজি- সেই বোমও পুঁতেছিলেন আমাকে হত্যার জন্য।”
“চট্টগ্রামে ৮৮ সালে আমার মিছিলে যে গুলি করা হয়েছিল; যেখানে ৩০ জন নেতা-কর্মী নিহত হয়েছিল, সেই গুলি করার যে হোতা- রকিবুল হুদা, তাকে তো তিনি প্রমোশন দিয়ে ঢাকায় পোস্টিং দিয়েছিলেন।”
১৯৯৩ সাল থেকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিন ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, “যে দিনটি আমার সবচেয়ে কষ্টের দিন, শোকের দিন, জন্মদিন না হওয়ার পরও সেই দিনে জন্মদিন পালন করে তিনি আমাকে বুঝিয়ে দেন- তিনি কতো উৎফুল্ল এই হত্যাকাণ্ডে। তিনি যে আমাকে চান না, সেই ম্যাসেজটা তিনি সেভাবেই দিয়ে দেন।”
স্কুলের রেজিস্ট্রেশন খাতায় খালেদা জিয়ার জন্মদিন পাঁচ সেপ্টেম্বর লেখা আছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- বিরোধী দলীয় নেতার এমন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন- সুষ্ঠু নির্বাচন না হলে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা জিতল কীভাবে?
“নাকি মিথ্যা বলাই তাদের অভ্যাস?”
এ সময় সম্মেলন কেন্দ্রে উপস্থিত সবাই সমস্বরে বলে উঠেন- ‘অভ্যাস’।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং পেশাজীবীদের অধিকার রক্ষার দাবিতে এই মহা সমাবেশের আয়োজন করা হয়।
পদ্মা সেতু, রামপাল
আগামীতে দেশের সব অবকাঠামো নির্মাণ নিজস্ব অর্থায়নে এবং দেশীয় নকশায় করার চেষ্টা করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতু নিয়ে যে খেলা শুরু হয়েছিল- সেটা পুরো অন্য জিনিস। আমরা বলেছিলাম, নিজেদের পয়সায় করব। এখন নিজেদের পয়সায় সেতুর কাজ শুরু করেছি।”
যারা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন- তাদের বড়পুকুরিয়ায় খনিসংলগ্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “রামপাল নিয়ে হায় হায় রব উঠে গেল।… বড়পুকুরিয়ায় যান। সেখানে গিয়ে দেখেন- লোকালয়ে কী ক্ষতি করছে? সেখানে এসিড বৃষ্টি হয়নি, মানুষের ক্ষতি হয়নি, ফসলের ক্ষতিও হয়নি।”
রামপাল নিয়ে আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি উনাদের চ্যালেঞ্জ দিতে পারি; আমরা সুন্দরবন প্রসঙ্গে যা জানি, উনারা তা জানেন না।”
প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেত্রী চেচাচ্ছেন, ওই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে দেবেন না। তা হলে বলুক, ১৩ শ’ মেগাওয়াট বিদ্যুৎ কীভাবে হবে?”
পাশে থাকার আশ্বাস
শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মহা সমাবেশের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ছোট জাতীয় পতাকা দেওয়া হয়।
শেখ হাসিনা পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। উপস্থিত সবাই এ সময় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা নাড়েন।
শুরুতেই স্বাগত বক্তব্য দিতে গিয়ে এই সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “অপরাধীদের রাজনৈতিক অধিকার দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না।”
২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হত্যা ও রাজনৈতিক নিপিড়ন, জঙ্গীবাদের উত্থান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর উন্নয়ন, নারী অবমানা করে হেফাজতে ইসলাম নেতা আহমেদ শফীর বক্তব্যের ভিডিও উপস্থাপনের মধ্য দিয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান বক্তব্য দেন।
সংগঠনের মহাসচিব তার বক্তব্যের শুরুতেই ‘সাউথ-সাউথ’ পুরস্কার পাওয়ায় দাঁড়িয়ে জাতীয় পতাকা নেড়ে সবাইকে শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানানোর আহবান জানান। এ সময় সবাই দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
কামরুল হাসান খান আওয়ামী লীগ সভানেত্রীকে উদ্দেশ্য করে বলেন, “যারা দুঃসময়ে থাকে না, সুসময়ে থাকেন- তারাই বিভ্রান্ত ছড়ান। আপনি আপনার কর্মীদের ডেকে কথা বলেন।”
শুভেচ্ছা বক্তব্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম উন্নয়নের গতি বৃদ্ধিতে পেশাজীবীদের সম্পৃক্ত করার আহবান জানান।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ মিসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ২৫ অক্টোবর সংসদ অধিবেশন শেষে পেশাজীবীরা শেখ হাসিনার পাশে দাঁড়াবেন।
“৪৮ ঘন্টার হুংকার আমরা দেখেছি। ২১ অগাস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা জনগণের সঙ্গে আছি। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।”
সংগঠনের ঢাকা বিভাগের প্রতিনিধি আইনজীবী নজরুল ইসলাম চুন্নু ২০১৩ সালের বিজয় দিবসের আগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার অনুরোধ জানিয়ে বলেন, যাদের সর্বোচ্চ সাজা হয়েছে, তাদের ফাঁসির রায় ওই সময়ের মধ্যেই কার্যকর করতে হবে।
“আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা একটু ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”
সিলেট বিভাগের পক্ষ থেকে বক্তব্যে এহতেশামুল হক আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাকে আরো সক্রিয় করার আহবান জানান।
রাজশাহী বিভাগের মোস্তফা আলম নান্নু বলেন, “পাড়ায় মহল্লায় সরকারের উন্নয়নের প্রচার চালানো দরকার। দুঃখজনক হলেও সত্যি, আমরা সরকারের উন্নয়নের ধারার প্রচার ঠিক মতো করতে পারি নাই।”
যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে চিকিৎসক মোহাম্মদ মোস্তফা আলী নির্বাচনের সময় সংগঠনের সবাইকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারে অংশ নেওয়া আহবান জানান।
খুলনা বিভাগের পক্ষে শেখ বাহারুল আলম ও চট্টগ্রাম বিভাগের পক্ষে সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী তাদের বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নেই।
বরিশাল বিভাগের পক্ষে বক্তব্য দেন আইনজীবী আহমেদুল কবির।
