মওদুদের ‘অর্থ পাচার’: রুল শুনানির নির্দেশ
যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগ চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দায়ের করা রিটেআবেদনে হাই কোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের একটি নোটিস চ্যালেঞ্জ করে সাবেক আইনমন্ত্রী এই রিট আবেদন করেন। আদালতে শুনানিতে তিনি নিজেই ছিলেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, আদালত দ্রুত হাই কোর্টে এই মামলার রুল শুনানির নির্দেশ দিয়েছে।
আপিল বিভাগ হাই কোর্টের কোনো বেঞ্চ নির্দিষ্ট করে দেননি জানিয়ে তিনি বলেন, “আদেশের অনুলিপি পেলে আমরা এ বিষয়ে যথাযথ কোর্টে শুনানির জন্য আবেদন করব।”
দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৩) মোনায়েম হোসেন গত বছরের ৪ জুলাই ব্যারিস্টার মওদুদকে একটি চিঠি দেন।
চিঠিতে বলা হয়, “যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রয়োজন। আগামী ১১ জুলাই সকাল সাড়ে ১১টায় নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ/কার্যক্রম পরিচালিত হবে।”
এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৮ জুলাই মওদুদ হাই কোর্টে রিট আবেদন করেন।
রিটের প্রাথমিক শুনানি করে হাই কোর্ট দুদকের নোটিস স্থগিত করে দেয়।
পাশাপাশি ওই নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে দুদক চেয়ারম্যান গোলাম রহমান, দুদকের উপ-পরিচালক মো. মোনায়েম হোসেনকে রুল জারি করে।
হাই কোর্টের আদেশ স্থগিত করতে আপিল বিভাগের চেম্বার আদালতে যায় দুদক। চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগে পাঠিয়ে দেয়। ওই আবেদনের শুনানির পর হাই কোর্টে রুল শুনানির আদেশ এল।
