২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমান সুযোগ’ ছাড়া নির্বাচন নয়: ফখরুল

‘একদলীয় নির্বাচনের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমান সুযোগ তৈরি না করা হলে কোনো নির্বাচন তারা করতে দেবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “সরকার বার বার বলছে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসবে। নির্বাচনে লেবেল প্লেইন ফিল্ড অর্থাৎ আমি-তুমি একই মাঠে খেলতে পারবো, এরকম সুযোগ সৃষ্টি করতে হবে। তখনই আমরা  নির্বাচনে যাবে। নইলে আমরা নির্বাচনে যাবো না।

“নির্দলীয় সরকার ছাড়া এদেশে কেনো নির্বাচনে হবে না। কোনো নির্বাচন করতে দেয়া হবে না।”

বিকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাপ) এর উদ্যোগে ‘তারেক রহমানের রাজনৈতিক চিন্তাপ্রসূত আগামীর বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ আরোপে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। এ থেকে বুঝা যায়, আওয়ামী লীগের মতো একটি পুরনো দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।”

সরকারের ব্যর্থতার কারণে পোশাক শিল্প পণ্যের জিএসপি সুবিধা বাতিল হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফখরুল অভিযোগ করেন, “বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি সরকারের একজন মন্ত্রীর উস্কানিতে সংঘটিত হয়েছে।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “সরকার বার বার সংবিধানের দোহাই দেয়। এই সংবিধান কোনো কোরআন কিংবা বাইবেল নয় যে এটা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ নিজেদের প্রয়োজন বার বার সংবিধান সংশোধন করেছে। এখন উল্টো কথা বলছে।”

লন্ডনে চিকিৎসাধীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দর্শন ও চিন্তাভাবনা ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তার দর্শন হচ্ছে- অতীতচারিতা নয়, প্রতিহিংসা নয়। সামনে দিকে দেশকে এগিয়ে নিতে হবে। শহীদ জিয়াউর রহমান যেভাবে মানুষের জন্য চিন্তাভাবনা করতেন, তারেক রহমান পিতার পথে মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।” 

সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আ ফ ম ই্উসুফ হায়দার প্রমুখ প্রমুখ বক্তব্য দেন।