২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ নৌকা ছাড়বে না: মহিউদ্দিন

বাংলাদেশকে পাকিস্তান না বানানোর জন্যই জনগণ নৌকা প্রতীকে ভোট দেবে বলে মনে করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার দুপুরে নগরীর চশমা হিলে নিজ বাসভবনে নগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হয়তো কিছু অপবাদ আছে। কেউ পদ পায়নি। কেউ লাভবান হয়নি, চাকরি পায়নি। কিন্তু বাংলাদেশকে পাকিস্তান না বানানোর জন্যই জনগণ নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দেবে না।”  

লিখিত বক্তব্যে যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রতিক সময়ে জামায়াতের সহিংসতার প্রসঙ্গ ছাড়াও আগামী নির্বাচন এবং তৃণমূলের পরিকল্পনা তুলে ধরেন সাবেক মেয়র।

তিনি বলেন, “সত্তরে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। মানুষ ভোট দিয়েছে। নৌকা স্বাধীনতা এনেছে।”

মহিউদ্দিন বলেন, দীর্ঘ চার যুগের রাজনৈতিক জীবনের সঙ্গী নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুকে হারিয়ে আমি আজ ক্ষত বিক্ষত। দলের সবাই এক নয়। নগর আওয়ামী লীগে যারা জীবিত আছেন তার সবাই অন্তর ও সৎ সাহস দিয়ে রাজনীতি করেন।

২০০৬ সালে গঠিত নগর আওয়ামী লীগের ২১ সদস্যের কমিটির সাতজনই গত সাত বছরে মারা গেছেন।

সম্প্রতি কাজী ইনামুল হক দানুর মৃত্যুর পর নগর আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ে নানা রকম গুঞ্জন চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, “আমি একাই একশ। কাকে দায়িত্ব দিলে দল চলবে তা আমার জানা আছে।”

তিনি বলেন, “দায়িত্ব দেয়ার জন্য ক্রমানুসারে আছেন ডা. আফসারুল আমীন, খোরশেদ আলম সুজন ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। যিনি চট্টগ্রামে থাকবেন তিনিই ক্রমানুসারে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।”

ভবিষ্যতে চট্টগ্রামে জামায়াতে-শিবিরের সহিংসতা প্রতিরোধের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার জীবনের বিনিময়ে হলেও এ শহরে কোনো অপকর্ম করতে দেয়া হবে না।”

নির্বাচন প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, “সরকার যেভাবেই নির্বাচন দিক তা হবে। অতীতে যারা ৩০ আসন পেয়েছে, তারা ভবিষ্যতেও কম ভোট পাবে। তা বুঝেই তারা গণবিরোধী অবস্থান নিয়েছেন।

এ সময় আগামী নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি না দাঁড়িয়ে যদি নগরীর চারটি আসন আনতে পারি। বৃহত্তর চট্টগ্রামে ভোটের কাজ করতে পারি সেটাই ভাল।”

মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, শফিক আদনান, মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ ও শ্রমিক লীগ নেতা বখতেয়ার উদ্দিন খান।