খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি: সিইসি
দায়িত্ব নেয়ার দেড় বছরের মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কখনো কথা হয়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে টেলিফোনে কথা হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “কোথা থেকে এ স্টোরি বের করেছেন, আমি জানি না। আমার সাথে উনার কোনো আলাপ হয়নি।”
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ইসিতে যোগ দেয়ার পর কখনো খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি বলে জানান সাবেক এই সচিব। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তিনি সরকারি দায়িত্বে ছিলেন।
গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সিইসির সঙ্গে দেখা করেন। তখন খালেদা জিয়ার সঙ্গে সিইসির ফোনালাপ হয় বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ এসেছে।
বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে আসছেন বিরোধীদলীয় নেতা। কাজী রকিব নেতৃত্বাধীন এই কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও আখ্যায়িত করেন তিনি।
খালেদার ওই সমালোচনার জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বুধবার নাটকীয় ভঙ্গীতে সাংবাদিকদের বলেন, ইসির মেরুদণ্ড সোজাই রয়েছে।
ওই খবর প্রকাশ নিয়েও উষ্মা প্রকাশ করেন সিইসি।
“আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ করবেন। কেননা, আপনাদের ওপর অত্যন্ত গুরুদায়িত্ব। আপনারা এ সময়ে জনগণকে বিভ্রান্তির পথে নিয়ে যাবেন না।”
খালেদার সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি একথা বলেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, “জিনিস প্যাঁচাবেন না, জড়াবেন না। পরিষ্কার করে বস্তুনিষ্ট তথ্য উপস্থাপন করুন। তাহলে জাতি আপনাদের ধন্যবাদ দেবে।”
