২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জনসভার পর ফের সংঘর্ষ

রাজশাহীতে খালেদা জিয়ার জনসভা শুরুর আগে মারামারির পর শেষেও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত হয়েছে পাঁচজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:55 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার জনসভা শেষে সন্ধ্যায় সরকারি মাদ্রাসা মাঠের কাছাকাছি স্থানে সংঘর্ষে আহত এই পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে জনসভা মাঠে রাজশাহী জেলা সভাপতি নাদিম মোস্তফার ছবি সম্বলিত ব্যানারের ওপর চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের সমর্থকরা ব্যানার লাগাতে গেলে মারামারি বাঁধার উপক্রম হয়। তবে তখন নেতারা পরিস্থিতি সামাল দেন।

জনসভায় বক্তব্যের পর খালেদা জিয়া বিকাল ৬টার দিকে সার্কিট হাউজে যান। ওই সময় নেতা-কর্মী-সমর্থকরাও ফিরে যেতে থাকে।

প্রত্যক্ষদর্র্শীরা জানান, মাঠের পাশের পাঠানপাড়া এলাকায়  নাদিম মোস্তফা সমর্থকরা চাঁদ সমর্থকদের ওপর হামলা চালায়।

চারঘাট উপজেলা চেয়ারম্যান চাঁদ সাংবাদিকদের বলেন, “আমার পাঁচজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। হামলায় আহত হয়েছে ১৭ জন।”

ছুরিকাহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন- লোকমান আলী (৩০), মতিউর রহমান (২৪), আনোয়ার (২২) ও আশরাফুল আলম (২২)।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের হিসেবে এই ঘটনা ঘটেছে।”

জনসভা শুরুর আগে সকাল ১০টার দিকে নওগাঁর সাবেক সাংসদ সালেক চৌধুরী ও পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার অনুসারীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়।