নির্বাচনী ব্যয়সীমা বাড়ছে
আগামী সংসদ নির্বাচনে প্রতি প্রার্থী আগের চেয়ে ১০ লাখ টাকা বেশি ব্যয় করার সুযোগ পেতে যাচ্ছেন।
সেই সঙ্গে জামানতের অঙ্ক দ্বিগুণ করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের প্রস্তাব সোমবার অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত অনুমোদিত এই প্রস্তাব বিল আকারে সংসদে উঠবে। তা পাস হলে দশম সংসদ নির্বাচনে সে অনুযায়ী প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারিত হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পায়।
গত ২৫ জুলাই নির্বাচন কমিশন আরপিও’র সংশোধনের এই প্রস্তাব পাঠিয়েছিল।
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন হলে আগামী নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন, যা আগে ছিল ১৫ লাখ টাকা।
তবে দলীয় প্রধানদের নির্বাচনী ভ্রমণ এই ব্যয়ের অন্তর্ভুক্ত হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।
দলগুলোর প্রার্থীকে অনুদান দেয়ার ক্ষেত্রে টাকার অঙ্ক ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলকে কোনো সংস্থার অনুদানের ক্ষেত্রে সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িযে ৫০ লাখ টাকা করা হচ্ছে।
প্রার্থীর জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে মোশাররাফ হোসাইন জানান।
ইসি সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবম সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয় ভোটার অনুপাতে বিবেচনায় নিয়ে সব আসনে বণ্টন করা হয়।
“গতবার ভোটার প্রতি ৫ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। তবে ভোটার সংখ্যা বেশি হলে এ ব্যয় কমে যাবে, যা কোনোভাবে ১৫ লাখের বেশি হবে না। এবার ভোটার প্রতি ব্যয় দাঁড়াবে গড়ে ৬ টাকা। তবে প্রতিটি আসনের ব্যয় ভোটার বেশি হলেও কোনোভাবে ২৫ লাখের বেশি করা যাবে না।”
ভোটের আগে ভোটার সংখ্যা অনুপাতে ব্যয়সীমা তুলে ধরে তা ইসি সচিবালয় জানাবে বলে এই কর্মকর্তা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি আনতে গণপ্রতিনিধিত্ব আদেশে ব্যয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে।
নির্বাচনী মামলার ফি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া ছাড়া কেউ পোলিং এজেন্ট হতে পারবে না।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির বিষয়ে নির্বাচন কমিশন কোনো অনুশাসন দিলে তা দ্রুত কার্যকরের বিধানও হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ঋন খেলাপিদের নির্বাচনে অংশ নেয়া, লাভজনক পদে থেকে নির্বাচন এবং প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি বলে তিনি জানান।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ব্যক্তির ইচ্ছা এবং দলীয়ভাবেও মনোয়নয়পত্র প্রত্যাহার করা যাবে, তবে এটি নতুন কোনো বিষয় নয়।”
