২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথে পথে খালেদাকে স্বাগত

দলীয় জনসভায় অংশ নিতে উত্তরাঞ্চলে যাওয়ার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের অভিনন্দনে সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

দলীয় প্রধানের এই সফর উপলক্ষে সড়কের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয় স্বাগত তোরণ। কর্মীদের পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দলের মনোয়ন প্রত্যাশীদেরও।

খালেদা জিয়া রোববার বিকালে রংপুর জেলা স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। পরদিন বিকালে তার রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা।

রংপুরের জনসভায় যোগ দিতে শনিবার বিকাল ৩টা ৫০মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

ঢাকা থেকে বগুড়া পর্যন্ত ২১০ কিলোমিটার সড়কে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার হাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী দাঁড়িয়ে থাকেন। অনেক  স্থানে ব্যান্ড সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করে পুরো এলাকা সরব করে রাখা হয়।

খালেদা জিয়ার গাড়িবহরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। তার পেছনে রয়েছে বিশাল গাড়িবহর।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাদা পাজারো জিপে বসা বিরোধী দলীয় নেতা হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন। এই গাড়িতে বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা।

সিরাজগঞ্জ থেকে বগুড়ার পথে পথে সড়কের দুই পাশে ছিল দীর্ঘ আলোক সজ্জা। এই সড়কের বিভিন্ন স্থানে খালেদা জিয়া, তারেক রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় বড় প্রতিকৃতি দিয়ে সাজানো হয়।

এদিকে খালেদা জিয়ার গাড়িবহর যাওয়ায় ঢাকা- টাঙ্গাইল-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খালেদা জিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি টঙ্গী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের  বিভিন্ন স্থানে বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের মুক্তির দাবি সম্বলিত পোস্টারও দেখা যায়। তাদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও এম কামারুজ্জামান  এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের ছবিও রয়েছে।

নির্দলীয় সরকারের চলমান আন্দোলনে গতি আনতে বিরোধী দলীয় নেতা ৮ জেলায় জনসভা শুরু করেছেন। গত ৮ সেপ্টেম্বর নরসিংদী বালুর মাঠে প্রথম জনসভা করেন তিনি।