খালেদা সংলাপ বানচাল করছেন, অভিযোগ ইনুর
শর্ত দিয়ে ও দর কষাকষি করে খালেদা জিয়া সংলাপ বাধাগ্রস্ত করছেন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়ায় একটি সড়কের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “খালেদা জিয়া শর্ত দিয়ে ও দরকষাকষি করে কার্যত আড়াই বছর ধরে সংলাপ বানচাল করছেন, উনি সংলাপ থেকে দূরে থেকে রাজপথে নাশকতামূলক কাজ করছেন। হামলা, সন্ত্রাসী এবং অন্তর্ঘাতমূলক কাজকে সমর্থন করছেন।”
জাসদ সভাপতি বিএনপি চেয়ারপারসনকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, উনার (খালেদার) অ্যাজেন্ডা নির্বাচন নয়, অন্যকিছু। খালেদা জিয়া যদি পরিষ্কারভাবে বলেন, তিনি শর্তহীন সংলাপে বসবেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা তাৎক্ষণিক সংলাপের আয়োজন করব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, আওয়ামী লীগ ও জাসদ জন্মলগ্ন থেকে কোনদিন ফাঁকা মাঠে গোল দেয়ার রাজনীতি করেনি। পিছন দরজা দিয়ে কোনদিন ক্ষমতায় যায়নি। সবসময় নির্বাচনের মধ্যদিয়ে সদর দরজা দিয়ে ক্ষমতায় গেছে।
বিএনপির জন্মদাতা জেনারেল জিয়াউর রহমান ‘ফাঁকা মাঠে গোল দেয়ার’ নির্বাচন করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জিয়া ‘হ্যাঁ’ ‘না’ ভোট করেছেন, একতরফা ভোট করেছেন, কারচুপির নির্বাচন করেছেন, নির্বাচনে সবরকম প্রহসন করার একটা রাজনৈতিক পন্থা তৈরি করেছেন।
“সেই জায়গা থেকে বহু কষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। সুতরাং আমরা বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে দেখতে চাই।”
সম্প্রতি লন্ডন সফরকালে দুর্বৃত্তদের হামলার শিকার ইনু।
এ ব্যাপারে তিনি বলেন, হামলার দৃশ্য ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণ করা আছে। যারা জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী-জামায়াত-হেফাজত-তেঁতুল হুজুরদের সমর্থন করে তারাই হামলার সঙ্গে জড়িত।
সকাল ১১টায় তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার আমবাড়িয়া-শ্রীরামপুর সড়ক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
