২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি

সংসদ অধিবেশনে যোগ দেয়া বা না দেয়ার বিষয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন। আমরা সংসদ যাবো কি যাবো না, এই বিষয়ে দুই-একদিনের মধ্যে দল সিদ্ধান্ত নেবে।’’

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার অধীনে নির্বাচন হলে দেশে শান্তি আসবে না, গণতন্ত্রও থাকবে না। তাই এখনো সময় আছে, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে আপনি নির্দলীয় সরকারের বিল নিয়ে আসুন।”

আগামী ১২ সেপ্টেম্বর নবম সংসদের ১৯তম অধিবেশন বসবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাকক্ষে জাতীয়তাবাদী মানবাধিকার ফোরামের উদ্যোগে ওই আলোচনা সভায় ফারুক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি আইনমন্ত্রী কিংবা বাবু সুরঞ্জিত সেন গুপ্তের পরামর্শ শুনেন না। তারা আপনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।”

সংগঠনের সভাপতি রেজাউল কবির শিকদার রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।