‘চাপ’ অনুভব করছেন না সিইসি
বিরোধী দলের সমালোচনাকে রাজনৈতিক মত হিসেবে দেখছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, এ নিয়ে কোনো চাপ অনুভব করছে না নির্বাচন কমিশন।
কাজের মাধ্যমেই নিরপেক্ষতার প্রমাণ দেবেন বলে সোমবার সাংবাদিকদের বলেছেন তিনি।
আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে আসছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলছেন, বর্তমান ইসি সরকারের ‘আজ্ঞাবহ’।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও বলেছে, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের আস্থা পায়নি।
এই সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক আমলা কাজী রকিব সাংবাদিকদের বলেন, “কোন দল কী বলছে, এটা দেখার বিষয় নয়। এটা তাদের [রাজনৈতিক দল] ব্যক্তিগত অভিমত। যার যার মতামত সবাই প্রকাশ করছেন। আমরা কোনো প্রেসার ফিল করছি না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন সংসদ বহাল রেখে হবে না কি সংসদ ভেঙে দিয়ে হবে, সেই সিদ্ধান্ত সংসদই নেবে।
সংসদ বহাল রাখা কিংবা ভেঙে দেয়া নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবেন বলে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, “এত আগে কিছু বলা যাবে না। তবে রাজনৈতিক দলগুলো চাইলে এ বিষয়ে আলোচনা হতে পারে।”
