নির্বাচন গ্রহণযোগ্য করতে আ. লীগকে ইইউর পরামর্শ
সব দলকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তারা আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে চলমান রাজনৈতিক মতপার্থক্যের অবসানে সংলাপেও জোর দিয়েছেন।
আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, নির্বাচনে সব দলকে তারাও চান। আর সংসদেই হতে পারে সংলাপ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
দুই প্রধান দলের বিপরীত অবস্থানে আগামী নির্বাচন নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ইইউ।
রোববার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের পর সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপের কূটনীতিকরা।
বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, “তারা চায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। আমরাও বলেছি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
“আমরাও সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই। আশা করি, সব দলের অংশগ্রহণে সংবিধানের আলোকে আগামী সংসদ নির্বাচন হবে।”
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে দুই প্রধান দলের সংলাপে জোর দিয়েছে ইইউ। সেই সঙ্গে তারা কিছু পরামর্শ দিয়েছে বলে জানান হানিফ।
তিনি বলেন, “তারা জানতে চেয়েছে, আমরা প্রধান দুই দল রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপে বসতে পারি কি না।
“আমরা বলেছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের (বিএনপি) আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে এসে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে, তা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন।”
নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতাকে আওয়ামী লীগ কী চোখে দেখছে- জানতে চাইলে হানিফ বলেন, “তারা (ইইউ) উন্নয়ন সহয়োগী, তাই তারা তাদের দৃষ্টিভঙ্গী জানাতেই পারে।”
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাকও ছিলেন।
ইইউর সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় তাদের মিশন প্রধান উইলিয়াম হানা।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সব দলের অংশগ্রহণে নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।”
আগামী সংসদ নির্বাচন ইইউ পর্যবেক্ষণ করবে জানিয়ে হানা বলেন, তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের আগে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের একটি দল, যাতে ইইউর প্রতিনিধিও ছিলেন।
এদিকে রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপে বসতে দুই প্রধান নেত্রীকে আহ্বান জানিয়ে সোমবার চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এই বিষয়ে হানিফ বলেন, “শুনেছি চিঠি দিয়েছেন, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে, কিন্তু কন্টেন্ট আমাদের জানা নেই।
“তবে প্রকাশিত বিভিন্ন সংবাদে জেনেছি যে এতে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য আলোচনার কথা বলা হয়েছে।”
