২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রার্থী মধ্য অক্টোবরের মধ্যে ‘চূড়ান্ত’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন- তা অক্টোবরে মধ্যভাগে তা চূড়ান্ত করা হবে বলে শেখ হাসিনা তূণমূল নেতাদের জানিয়েছেন।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 12:54 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার গণভবনে ছয় জেলার নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি একথা জানান বলে বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার অংশ হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দফায় রোববার টাঙ্গাইল, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম ও নওগাঁর জেলা, উপজেলা, থানা এবং প্রথম শ্রেণির পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তৃণমূল নেতাদের মতামত এবং সেই সঙ্গে নিজের করা জরিপ থেকে আগামী নির্বাচনে প্রার্থী নির্বাচিত করা হবে বলে শেখ হাসিনা ইতোপূর্বে জানিয়েছেন।  

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পাওয়া না পাওয়ার’ মান-অভিমান ভুলে সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমুল নেতাদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন শেখ হাসিনা।

দলীয় সভানেত্রী জেলার নেতাদের বলেছেন, “আপনারা যারা মনে করছেন কিছু পাননি, তারা ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আর যারা পেয়েছেন, তারা তো পেয়েছেনই। সামনে নির্বাচন তাই কোন্দল ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, তার পক্ষে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর বিরোধিতা করা সহ্য করা হবে না।

সংবিধান অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। তবে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কটের হুমকি রয়েছে, যার কারণে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কাও রয়েছে রাজনৈতিক মহলে।  

প্রার্থী চূড়ান্ত করার আগে অক্টোবরে দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী। এদিকে, বৈঠকে জেলা, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এই ছয় জেলার তৃণমুল নেতারা। তারা ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের পরামর্শ নেয়ারও পরামর্শ দিয়েছেন বলে কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।

এই ছয় জেলায় আওয়ামী লীগের ৩২ জন সাংসদ এবং মন্ত্রীদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক রয়েছেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের কোন্দলের কথা তুলে ধরে তা নিরসনের দাবি জানান।

ওই জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার তার বক্তৃতায় বলেন, ঢাকায় এনে মনোনয়ন প্রক্রিয়া চুড়ান্ত করা ঠিক হবে না। মনোনয়ন দেয়ার আগে শুধু জেলা নেতাদের নয়, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের মতামতও নিতে হবে।

“জেলা, উপজেলার নেতারা সাংসদদের কথামতো চলে। তাদের মতামত সঠিক হবে না। তাই গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

শাহীন চাকলাদারের এই বক্তব্য বৈঠকে অংশ নেয়া তৃণমূল অনেক নেতা সমর্থন করেন বলে ওই কেন্দ্রীয় নেতা জানান।

যশোরের শার্শা উপজেলার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের বিরোধ নির্বাচনের আগে মেটাতে না পারলে আগামী নির্বাচনে জটিলতার সৃষ্টি হবে।

লক্ষীপুরের সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ওই জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আসমা জেরিন ঝুমু কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে জেলার দায়িত্ব থেকে বাদ দেয়ার দাবি জানান।

পুরনো খবর:

পুরনো এমপিদের চায় না আ. লীগের তৃণমূল
নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকল আওয়ামী লীগ