প্রস্তাব পেলে, সাড়া দেব: খালেদা
সংকট সমাধানে প্রধানমন্ত্রী সংলাপের রাস্তা বন্ধ করে দিয়েছেন অভযোগ করে খালেদা জিয়া বলেছেন, আলোচনার প্রস্তাব পেলে তাতে সাড়া দেবেন তারা।
নরসিংদীতে এক জনসভায় তিনি বলেন, “প্রধামন্ত্রীর মাথা ঠিক নেই। তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি সংবিধানের দোহাই দিয়ে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন।”
“আমরা সব সময় আলোচনা চাই। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসলে আমরা তাতে সাড়া দেব।”
দোগরিয়ার বালুর মাঠে ওই জনসভায় বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন, অপদার্থ কমিশন। এই কমিশন জ্বি হুজুর জ্বি হুজুর করে। তাদের নিজের কোনো সাহস নেই।”
“তারা বলে আমরা অসহায়। অসহায় হলে তারা কেনো পদত্যাগ করে না।”
খালেদা জিয়া অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে ২৩ হাজার মানুষকে খুন করা হয়েছে। পুঁজিবাজার, হল-মার্ক, ডেসনিটিসহ বিভিন্ন ব্যাংক থেকে অর্থ লুটপাট করা হয়েছে। আমি শুনেছি, এই সরকারের মন্ত্রী-এমপিরা কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাড়ি কিনে রেখেছে। সময় বুঝে তারা পালিয়ে যাবে।”
সন্ত্রাসীদের হাতে নিহত ক্ষমতাসীন দলের স্থানীয় পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে লোকমান হত্যার বিচার করে প্রকৃত খুনিদের শাস্তির ব্যবস্থা করবে।
ক্ষমতায় না থাকলে প্রধানমন্ত্রী প্রশাসন, পুলিশ-র্যাবকে ব্যবহার করতে পারবেন না বলেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পান বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, “সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচন চাই। খেলার মাঠ উঁচু-নিচু হলে চলবে না, সমান হতে হবে। সরকার যদি দেশের উন্নয়ন করে থাকে তাহলে তাদের জনগণ ভোট দেবে। না হলে ভোট দেবে না।”
সমাবেশে মতিঝিলে হেফাজতে ইসলামের অবস্থানে পুলিশি অভিযান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার ও ইসলামিক টিভি, দিগন্ত টিভির সম্পপ্রচার বন্ধেরও কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া।
