২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশে সংঘাত বাড়বে’

সংসদ বহাল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে কথা প্রধানমন্ত্রী বলেছেন তাতে দেশ আরো সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 08:12 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

“পৃথিবীর কোথাও সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন করার নজির নেই। এতে করে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কারণে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশে সংঘাত, অনিশ্চয়তা, অস্থিরতা আরো বাড়বে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।”

সাবেক এ আইনমন্ত্রী বৃহস্পতিবার নোয়াখালীতে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার কারণে সরকারের কিছু অংশীদারও আর মহাজোটে থাকবে না, তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হবে।

“এখন জাতির সামনে একটাই প্রশ্ন- গণতন্ত্র থাকবে, নাকি থাকবে না।”

মওদুদ দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাসভবন সংলগ্ন ফোরকানিয়া মাদরাসা মাঠে কবিরহাট উপজেলা বিএনপির এক প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কবিরহাট উপজেলা কমিটির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,  ফোরকান-ই-আলম, আবু বাহার।