২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াক্কাসকে গ্রেপ্তারে খালেদার নিন্দা

১৮ দলের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ‘উপসংহারহীন’ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 11:27 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাসকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এই নেতাতে মতিঝিল সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয়।

এই গ্রেপ্তারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “সরকার ইচ্ছাকৃতভাবেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা সারাদেশে বিভীষিকা ও ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে।

“এ থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতেই তারা নোংরা কৌশল অবলম্বন শুরু করছে। মুফতি ওয়াক্কাসের গ্রেপ্তার সেই নোংরা খেলারই অংশ বিশেষ।”

মুফতি ওয়াক্কাসের মুক্তি দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “সরকারকে বলব, নিজেদের সংযত করুন। জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় মানুষের ক্রোধ থেকে আপনারা রেহাই পাবেন না।”

বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “প্রতিহিংসা এবং বন্য বিচারই হচ্ছে বর্তমান সরকারের শাসনের মূল বৈশিষ্ট্য। তারা সারাদেশকে মদদপুষ্ট প্রকাশ্য ঘাতক ও গুপ্তঘাতকদের অভয়ারণ্যে পরিণত করেছে।”

“সরকার শুধু বিরোধীদলীয় নেতা-কর্মীই নয়, সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই মারামারি করে প্রাণনাশের মতো ঘটনা ঘটাচ্ছে।”