বরগুনায় আ. লীগের প্রার্থী নির্ধারণ মঙ্গলবার
বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন, তা জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সোমবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের মুলতবি সভা বসলেও তা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে মুলতবি বৈঠকটি হবে।
বৈঠকে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপনির্বাচনে অংশ নিতে ১৬ জন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সবাইকে এক সঙ্গে বসে একজন প্রার্থী ঠিক করতে বলেছেন তিনি।
গত ২৬ অগাস্ট আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা-২ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য ২৭ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হয়।
সড়ক দুর্ঘটনায় গোলাম সবুর টুলুর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে আগামী ৩ অক্টোবর নির্বাচন হবে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।৭ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন গোলাম সবুর টুলু। ওই আসনে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে বরগুনা-২ সংসদীয় আসন। এই আসনের ২ লাখ ৩১ হাজার ৩ জন ভোটারের মধ্যে পরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ এবং নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন।
দশম সংসদ নির্বাচনের আগে এটিই হবে শেষ উপ নির্বাচন।
