সংবিধান অস্পষ্ট, উদ্দেশ্য লুকোচুরি: ফখরুল
বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘অস্পষ্টতা’ তৈরি করে ‘সাজানো’ নির্বাচনের ক্ষেত্র তৈরি করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছেন। একজন মন্ত্রীর সঙ্গে অন্যজনের বক্তব্যের কোনো মিল নেই। তারা সংবিধানে অস্পষ্টতা রেখে দিয়েছে। উদ্দেশ্য একটাই, অস্পষ্টতার সুযোগে লুকোচুরি করে একটি নির্বাচন করা।”
সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার ছাত্রদলের এক সমাবেশে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
সংবিধানের পঞ্চদশ সংশোধনে বিলুপ্ত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি।
নির্বাচনের সময় সংসদ ভেঙে না দেয়া নিয়েও আপত্তি রয়েছে বিরোধী দলের। তারা বলছে, এতে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর সমান সুযোগ থাকবে না।
সরকার সংবিধান অনুসারে নির্বাচনের কথা বলে আসছে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি।
নির্বাচন নিয়ে বিরোধপূর্ণ এই অবস্থানে সমঝোতার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।
“সরকারকে বলব, আপনাদের সময় শেষ হয়ে এসেছে। আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এখনো সময় আছে, আপনাদের বিদায়কালকে আর বেদনায়ক করে তুলবেন না।”
“লুকোচুরি খেলে ফাঁকা মাঠে গোল করতে চান। দেশের জনগণ খালি মাঠে কাউকে গোল করতে দেবে না,” হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের উদ্দেশে বিএনপি নেতা আরো বলেন, “আপনারা ভয় পান কেন? নির্বাচনের জন্য সমান সুযোগ সৃষ্টি করে আসুন নির্বাচন করি। কে জিতে, দেখা যাবে।”
তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদলের ওই সমাবেশ হয়। ঢাকা, জাহাঙ্গীরনগর, প্রকৌশল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর উত্তর-দক্ষিণের হাজার হাজার নেতা-কর্মীরা তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে সমাবেশে যোগ দেয়।
সমাবেশের পর শোভাযাত্রার কর্মসূচি থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা হয়নি।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার সময়ে মৎস্য ভবন, শাহবাগসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
File Photo
পুলিশ অবশ্য জানিয়েছে, অনুমতি না নিয়ে মিছিল করায় কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে সরকারের ‘অপপ্রচারের’ সমালোচনা করে ফখরুল বলেন, “সারাবিশ্বে তন্ন তন্ন করে তারেক রহমানের সম্পদ ও ব্যাংক একাউন্ট অনুসন্ধান করেছে সরকার। কিন্তু কোথায় কোনো একাউন্ট খুঁজে পায়নি।
“তারেক রহমানকে ভয় পায় বলেই সরকার তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার করছে।”
ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, কামরুজ্জামান রতন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভুঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবউন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু সুলতান সালাহউদ্দিন টুকু।
ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ, এ বি এম পারভেজ রেজা, ওমর ফারুক, সাফিন, রাজিব আহসান, ওবায়দুল হক নাসির, মহিদুল হাসান হীরু, ইসহাক সরকার, আবুল মনসুর খান দীপক সমাবেশে বক্তব্য রাখেন।
