২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব দলকে নির্বাচনে আনতে চাই নির্দলীয় সরকার’

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,  নির্দলীয় সরকারের দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানে কূটনীতিকদের গুরুত্ব আরোপের মধ্যে রোববার নয়া পল্টনে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের পক্ষে। ক্ষমতাসীন জোটের অনেক শরিকরাও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, সব দলের অংশ গ্রহণে নির্বাচন হতে হবে।

“আমরা সরকারকে স্পষ্টভাষায় বলতে চাই, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করুন। এছাড়া অন্য কোনো বিকল্প খোলা নেই।”

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে বই মেলার উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা হয়।

দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই পড়া ও পাঠাগার ব্যবহারে কর্মী-সমর্থকদের উৎসাহ দেয়ার লক্ষ্যে এই বই মেলার আয়োজন করে বিএনপি।

মোশাররফ বলেন, “নির্বাচন হবে কি হবে না- এই নিয়ে আজ জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে তার উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন।

“সরকার বুঝতে পেরেছে, তাদের পায়ের নিচে মাটি নেই। সেজন্য তারা জোর করে দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। ওই ধরনের নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না।”

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া প্রমুখ।