সবার মত নিয়েই ভোটের তারিখ: ইসি
সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধিত দলগুলোর মতামত নিয়েই দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নবম সংসদ নির্বাচনের আগে বিগত কমিশনও ভোটের তারিখ নির্ধারণে দলগুলোর সঙ্গে ‘সংলাপ’ করেছিল।
দশম সংসদ নির্বাচনের সব প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে মন্তব্য করে শাহনেওয়াজ বলেন, অক্টোবরের শেষ দিকে ভোটের ক্ষণ গণনা শুরু হবে। কমিশন বৈঠক করে যথেষ্ট সময় দিয়েই তফসিল ঘোষণা করবে।
তবে এখন পর্যন্ত ভোটের জন্য কোনো বিশেষ মাসকে বেছে নেয়া হয়নি বলেও জানান তিনি।
“সবাই নির্বাচনমুখী হলে, ঐকমত্য হলে ওই তারিখে ভোট হবে। আমরা সে অনুযায়ী তফসিল ঘোষণা করতে পারি।”
বর্তমান সংবিধান অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে নির্বাচন কমিশনের জন্য কোনো সমঝোতার উদ্যোগ নেয়া কঠিন বলেই মনে করেন মো. শাহনেওয়াজ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৃহৎ দলগুলোর মধ্যে বিস্তর ফারাক। এ বিষয়ে ভূমিকা রাখতে পারব বলে মনে হচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো যদি ভরসা রাখে- তাহলে আলোচনা করে পথ উন্মুক্ত করার উদ্যোগ নেয়া যেতে পারে। দলগুলো সহযোগিতা চাইলে উদ্যোগ নেব।”
‘সবাই’ ইসিকে মধ্যস্থতার দায়িত্ব দিলে তবেই এ বিষয়ে কমিশন উদ্যোগী হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
অবশ্য রাজনৈতিক ‘বিষয়’ দলগুলোকেই ‘সমাধান করতে হবে’ বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব কমিশনের নয়।
