জাসদ নেতা হত্যা মামলায় দুই ইউপি চেয়ারম্যান কারাগারে
বানারীপাড়ায় উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হত্যা মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু এবং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু।
আদালত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাসেল সিকদার জানান, চলতি বছরের ১৯ জুলাই উপজেলার চাখার এলাকায় আটকে রেখে হুমায়ুন কবিরের উপর নির্যাতন চালায় আসামিরা।
ওই রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই তরিকুল ইসলাম অপু বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন ইউপি চেয়ারম্যান টুকু ও মিন্টু।
মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
