বরগুনা উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়নপত্র বিক্রি মঙ্গলবার থেকে
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে বলে সোমবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানান, ২ সেপ্টেম্বর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
মনোনয়নপত্র নিতে হবে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে।
সড়ক দুর্ঘটনায় গোলাম সবুর টুলুর মৃত্যুতে শূন্য বরগুনা-২ আসনে আগামী ৩ অক্টোবর নির্বাচনের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।৭ সেপ্টেম্বর যাচাই বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে বরগুনা-২ সংসদীয় আসন। এই আসনের ২ লাখ ৩১ হাজার ৩ জন ভোটারের মধ্যে পরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ এবং নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন।
দশম সংসদ নির্বাচনের আগে এটিই হবে শেষ উপ নির্বাচন।
