যুবলীগ নেতাকে চাঁদা না দেয়ার কাজ বন্ধ
চাঁদা না দেয়ায় নরসিংদীর শিবপুরে যুবলীগ নেতারা এক ঠিকাদারকে মারধরের পর রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
রোববার বিকেলে শিবপুর উপজেলার আলীয়াবাদ এলাকায় যুবলীগ নেতা ওবায়দুল ও তার সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে ঠিকাদার মুসলিম মিয়া বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে শিবপুর থানার ওসি এ কে এম ফিরোজ জানান, আলীয়াবাদ এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে ৪ কিলোমিটার এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। ঠিকাদার কাজ দেখতে গেলে ওবায়দুল তার সঙ্গীদের নিয়ে ঠিকাদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
ঠিকাদার তা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয় এবং কাজ বন্ধ করে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওবায়দুলকে গ্রেপ্তারে ইতোমধ্যে বেশ কয়েক স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী জানান, ওবায়দুল উপজেলা যুবলীগের সদস্য।
