২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯১ (ই) ধারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি: সিইসি

প্রার্থিতা বাতিলে নিজেদের ক্ষমতা ছাড়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:11 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার শেরে বাংলানগরস্থ কমিশন কার‌্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসির ক্ষমতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বহুল আলোচিত ৯১ (ই) ধারা বিলোপের পক্ষে মাত্র দুই সপ্তাহ আগে সিইসি বলেছিলেন।

এরপর সব মহলে এ নিয়ে ব্যাপক আলোচনাও হয়। এক লাইনের ওই প্রস্তাবটি সরকারের পাঠানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করলেও তা ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে বুধবার কাজী রকিব বলেন, “প্রার্থিতা বাতিল করার ক্ষমতা বিলোপের সিদ্ধান্ত নিয়ে আমরা এখনো কাজ করছি। এখনো ফাইনাল কোনো ডিসিশন হয়নি।”

বিদ্যমান ধারাটি বহালের জন্য আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন কি না- জানতে চাইলে হাসিমুখে তিনি বলেন, “এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”

এর আগে গত ৩০ জুলাই সিইসি কাজী রকিব প্রার্থিতা বাতিলের ক্ষমতাকে অর্থহীন ও অপ্রয়োগযোগ্য উল্লেখ করে ৯১ (ই) ধারাটি না রাখার সিদ্ধান্তের কথা জানান।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনি সংস্কারের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বর্তমান ইসির অধীনে আগামী দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।