‘এখন তিনি এতো বেশি মুসলমান যে…’
মতিঝিলে হেফাজতবিরোধী অভিযানের পর সৌদি রাষ্ট্রদূতের বাসায় প্রধানমন্ত্রীর ইফতারকে কটাক্ষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, মহানবী (সা.) বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে আলেম-উলামা ও এতিমরা ঢাকায় এসেছিলেন। তারা নিরস্ত্র ছিলেন; তাদের হাতে ছিলো তসবীহ, জায়নামাজ ও কোরআন শরীফ।
“অথচ লাইট বন্ধ করে এক লাখ ৫৫ হাজার গুলি ব্যবহার করে হেফাজতে ইসলামের বহু মানুষকে হত্যা করা হয়েছে। আর সরকার বলছে, কেউ হতাহত হয়নি। মানুষের রক্তকে সরকার গরুর রক্ত বলেছে।
খালেদা বলেন, “এখন তিনি (প্রধানমন্ত্রী) এতো বেশি মুসলমান হয়েছেন যে, অ্যাম্বেসেডরের (সৌদি) বাসায় গিয়ে ইফতার করেছেন।’’
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছসেবক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি আরো জানতে চান, ৫ মে মতিঝিলে কেউ হতাহত না হলে কেন পুরো এলাকার লাইট বন্ধ এবং বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছিলো।
রমজানের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরীর বাসায় ইফতার করেন।
