আলোচনার সুযোগ এখনো আছে: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কূটনীতিকদের জানিয়েছেন, আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার সুযোগ এখনো রয়েছে।
নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানে সংশোধনী আনতে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনড় অবস্থানের কথা জানানোর পর সোমবার একথা বলেন তিনি।
সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের নিজের কার্যালয়ে ডাকেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন না করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানালেও আলোচনার সুযোগ নেই তা বলেননি। এটা কূটনীতিকদের জানানো হয়েছে।
“বর্তমান সংবিধানে যতটুকুই সুযোগ আছে তার ভিত্তিতেই আলোচনার সুযোগ অবশ্যই আছে।”
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য যেভাবে গণমাধ্যমে এসেছে তাতে কূটনীতিক মহলে রাজনৈতিক সংলাপ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
“আমি তাদের বলেছি, আলোচনার কোনো সুযোগ নেই- প্রধানমন্ত্রী তা বলেননি। তিনি বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানের সব ধারা অনুসরণ করব। সংবিধানের অধীনে আমাদের যতটুকু সুযোগ আছে, তাতেই আলোচনা হতে পারে।”
সংবিধানের ধারাগুলোর মধ্যে কী ধরনের ‘সুযোগ’ রয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবসে জন্মদিন পালনের সমালোচনা করে দীপু মনি বলেন, বিএনপি সংলাপের পরিবেশ নষ্ট করেছে।
“আওয়ামী লীগ সংলাপের জন্য প্রস্তুত, তা কূটনীতিকদের জানানো হয়েছে,” বলেন তিনি।
সরকার সংবিধানে সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের কথা আওয়ামী লীগ বলে এলেও বিএনপির অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই নিজেদের অধীনে নির্বাচনের ‘ব্যবস্থা’ করেছে ক্ষমতাসীন দল।
