২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের কেক কাটলেন খালেদা

সকালে বাড়িতে মিলাদের পর রাতে দলীয় কার্যালয়ে কেক কেটে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 10:42 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বিরোধীদলীয় নেতা বৃহস্পতিবার ৬৯ বছরে পা দিলেন।  ১৫ অগাস্ট শোক দিবসে তার জন্মদিন পালনের সমালোচনা রয়েছে।

রাত ৯টার দিকে গুলশানের কার্যালয়ে বিএনপি নেতাদের নিয়ে ৬৯ পাউন্ডের একটি কেক কাটেন খালেদা জিয়া।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনকে গোলাপের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।

গোলাপি রঙের শাড়ি পরা খালেদা জিয়া এই সময় ছিলেন হাস্যোজ্জ্বল।

কেক কাটার সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের পাশাপাশি ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও বিচারপতি এম এ রউফ।

দলীয় প্রধানের জন্মদিনে সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও জাসাসের পক্ষ থেকে ৬৯ পাউন্ডের সাতটি কেক কাটা হয়।

এছাড়া সকালে গুলশানে বিরোধীদলীয় নেতার বাসায় দোয়া মাহফিল হয়। আত্মীয়-স্বজনরা বাসায় এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা  জানান বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত কয়েক বছরের মতো এবারো দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের অনুপস্থিতিতেই জন্মদিন পার করলেন বিএনপি চেয়ারপারসন। তবে টেলিফোনে ছেলে ও নাতনীদের সঙ্গে কথা বলেছেন তিনি।

গুলশানের কার্যালয়ে সন্ধ্যা থেকেই বিএনপি নেতা-কর্মীরা ভিড় করতে থাকে। ‘শুভ শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন’, ‘খালেদা জিয়ার জন্মদিনে, লাল গোলাপ শুভেচ্ছা’- স্লোগানও ওঠে সেখানে।

রাত ৯টার দিকে খালেদার গাড়িবহর কার্যালয়ে ঢোকার সময় নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানান।

কার্যালয়ের নিচে তলায় কক্ষটি জন্মদিন উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়। টেবিলের সামনে রাখা হয় বৃহৎ আকারের কেকটি।

বিএনপি নেতাদের মধ্যে সেখানে ছিলেন এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, এম এ মান্নান, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, কাজী আবুল বাশার, আনোয়ারুজ্জামান, বজলুল বাসিত আনজু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব,  হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।

সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে মহব্বত জান চৌধুরী, মাহমুদুল হাসান, মুহাম্মদ আইনুদ্দীন, ইমামুজ্জামান, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, রেজ্জাকুল হায়দার, শরীফ উদ্দিন, নিজাম উদ্দিন, রুহুল আমিন, ফখরুল আজম, শাহ ইকবাল মোস্তফা, মোস্তাফিজুর রহমান বিরোধীদলীয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম, এস এম জহিরুল ইসলাম, সুজাউদ্দিন, মনিরুল ইসলাম, হায়দার আলী, শরীফুল আলম, আবদুর রশীদ সরকার, হারুন অর রশীদসহ অবসরপ্রাপ্ত একদল সরকারি কর্মকর্তাও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

এছাড়াও অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা,  অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুস শহীদ, বাকের হোসাইন, সৈয়দ আবদাল আহমেদ, কবি আবদুল হাই শিকদার, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক উজ্জল, হেলাল খান, কণ্ঠশিল্পী কনকচাঁপা, রিজিয়া পারভীন প্রমুখ।

কেক কাটার পর বিরোধী দলীয় নেতা কার্যালয়ের কক্ষের সামনে দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।