২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ২০

বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

পুলিশ জানায়, শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট বাজারে এ ঘটনার সময় বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে।

পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুটি মামলায় অন্তত ছয়শ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গুরুতর আহত বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, আওয়ামী লীগকর্মী মো. সিদ্দিকুর রহমান ও মীর মোহম্মদ সাদ্দাম, আব্দুর রাজ্জাক, আনোয়ারুল হক ও সোহেল হালদারসহ আরো তিন কর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়াও পুলিশের এক সদস্যসহ হামলায় আহত কয়েকজনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, শনিবার বিকেলে মুক্ষাইট বাজারে গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

একই সময়ে আওয়ামী লীগ কার্যালয়ের অদূরে বিএনপির গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলমসহ বেশ কয়েকজন বিএনপি নেতা স্থানীয় কর্মীদের নিয়ে বসেছিলেন।

ওসি জানান, বিকেল সাড়ে চারটার দিকে রাস্তায় থাকা দুইদলের কর্মীদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে তারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।

“বিএনপিকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে আওয়ামী লীগকর্মীরা আবার বিএনপি কার্যালয়সহ সেখানে থাকা চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে সাত-আট রাউন্ড গুলির শব্দও শোনা যায়।”

হামলায় দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

তিনি জানান, এ ঘটনায় গোটাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গফফার বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি এম. এ. সালামসহ দলটির ১১৮ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরো আড়াই থেকে তিনজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

“এছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো তিন থেকে চারশ ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন।”

এসব মামলায় এজাহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হালদার ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, তাদের অন্তত ১০ নেতাকর্মী গোপনে চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।