হরতাল নিয়ে ‘দুশ্চিন্তায়’ যোগাযোগ মন্ত্রী
ঘরমুখো মানুষ ঈদের পর কর্মস্থলে ফেরার পথে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ‘ভোগান্তির’ মধ্যে পড়বে এমন আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আমি আমার দেশের জনগণের স্বার্থ বুঝি। ঈদে গ্রামে যাওয়ার সময় মানুষ যে স্বস্তি পেয়েছে, আবার কর্মস্থলে ফিরে আসাটা ততোটা স্বস্তিদায়ক হবে না।
“জামায়াতের ডাকা হরতালের কারণে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, দুশ্চিন্তা কাজ করছে। মানুষের এ দুশ্চিন্তা নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তাগ্রস্ত।”
শনিবার দুপুরে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, যারা হরতাল আহ্বান করেছে তাদেরকে আমরা অনুরোধ জানাতে পারি। আমরা তো তাদেরকে হরতাল প্রত্যাহারের কথা জোর করে বলতে পারি না। এখানে আইন করে হরতাল বন্ধ করার কোনো ব্যবস্থা নেই।
নিবন্ধন বাতিলের প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী মঙ্গল ও বুধবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
মন্ত্রী চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয় ‘দুর্নামের ধারা’ থেকে এখন ‘সুনামের ধারায়’ ফিরে এসেছে বলেও উল্লেখ করেন।
“আগের যে কোনো সময়ের তুলনায় এবার ঈদে রাস্তায় মানুষ বেশি স্বস্তি পেয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যানজট তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক সহনীয় পর্যায়ে ছিল।”
জনগণকে ‘স্বস্তি’ দিতে পেরে যোগাযোগ মন্ত্রী হিসেবে ‘অনেক স্বস্তিবোধ’ করছেন বলেও জানান ওবায়দুল কাদের।
“হাতে আর আড়াই মাস সময় আছে। এ সময়ের মধ্যে অন্তত আড়াই শতাংশ দুর্ভোগও যদি কমাতে পারি, সেটা আমার জন্য কম নয়।”
